২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ জনের ব্রাদার্সকে হারাতে পারেনি শেখ রাসেল

মাত্র ৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক মোহাম্মদ সুজন। বাকি সময়টুকু দশ জন নিয়ে খেলা দলটিকেও হারাতে পারেনি শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 10:47 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ সমতায়।

৮২ মিনিট পর্যন্ত দশ জনের দল নিয়ে খেলে দুবার এগিয়েও গিয়েছিল আগের ম্যাচে লিগের শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারানো ব্রাদার্স। কিন্তু দুবারই সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিশ্চিত করে শেখ রাসেল।

৩৮তম মিনিটে কেস্টার আখনের ক্রসে হাইতির ফরোয়ার্ড অগাস্টিনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স।

৬৫তম মিনিটে মোহাম্মদ সুমনের গোল সমতা ফেরায় শেখ রাসেল।

৭১তম মিনিটে সিমনের গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স। তবে মিনিট তিনেক পর সবুজ কুমার বিশ্বাসের গোলে সমতা ফেরায় গতবারের ট্রেবল জয়ী দলটি।

এই ড্রয়ে ২১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স রয়েছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে তাদের পেছনেই।