২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার বিপক্ষে মেক্সিকোর লক্ষ্য জয়

গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে মেক্সিকোর। তবে ড্র নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামার কথা জানিয়েছেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 02:18 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

দুটি করে ম্যাচ শেষে ব্রাজিল ও মেক্সিকো দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার অবস্থান তৃতীয়। আর ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ক্যামেরুনের পয়েন্ট শূন্য।

সোমবার রেসিফিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই এক পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকেট পাবে উত্তর আমেরিকার দলটি।

জয়ের লক্ষ্যের কথা জানিয়ে মার্কেস বলেন, “ড্র করার জন্য আমরা খেলবো না, আমাদের খেলার ধরণও পাল্টাবে না। জেতার জন্যে ক্রোয়েশিয়া তাদের সবকিছু দিয়ে চেষ্টা করবে এবং আমরাও তাই করবো।”

সেরা ষোলোতে ওঠার পথে শেষ বাধা ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইটাকে সবচেয়ে বড় ম্যাচ বলছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার মারকেস।

ক্যামেরুনকে একমাত্র গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর গত সপ্তাহে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।