২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ঘানা: চেনা প্রতিপক্ষের লড়াই

এই খেলার দিকে আলাদা করে চোখ থাকবে না ফুটবলপ্রেমীদের। থাকবে কেন? ‘জি’ গ্রুপের অন্য ম্যাচটি যখন জার্মানি-পর্তুগালের মহারণ! তবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর চারটায় নাতালের দ্বৈরথটি কিন্তু এক দিক দিয়ে যথেষ্ট আগ্রহ জাগানিয়া। ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্র হলে যে আসলে ‘হেরে’ যাবে দুই দলই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

গ্রুপের অন্য দুই দল জার্মানি-পর্তুগাল। তারা শুধু নকআউট পর্বে যাওয়া না, শিরোপারই দাবিদার। তাদের কাউকে টপকে ঘানা-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সত্যি ক্ষীণ। ওই টিমটিমে প্রদীপের আলো জ্বালিয়ে রাখতে হলে নিজেদের লড়াইয়ে জয়ের বিকল্প নেই। দল দুটির তাই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ার কথা।

একে অন্যের চেনা প্রতিপক্ষ ঘানা-যুক্তরাষ্ট্র। এমনিতে আটলান্টিকের এপাড়-ওপাড় দুই মহাদেশের দুই দেশ। কিন্তু বিশ্বকাপে কিভাবে কিভাবে যেন দেখা হয়ে যায় তাদের। এই নিয়ে টানা তৃতীয়বার যে টুর্নামেন্টে দেখা হচ্ছে তাদের! ২০০৬ সালের গ্রুপ পর্ব, ২০১০-এর দ্বিতীয় রাউন্ডের পর এবার আবার গ্রুপ পর্বে।

আগের দুই লড়াইয়ের ২-১ গোলে জয় থাকায় ধারাবাহিকতা ধরে রাখায় আত্মবিশ্বাসী থাকবে ঘানা। আর জোড়া হারে যুক্তরাষ্ট্র তেতে থাকবে প্রতিশোধের জন্য। গত দু’বারের হারের বদলা নিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে মরিয়া থাকবে ইয়ুর্গেন ক্লিন্সমানের দল।

চার বছর আগে দক্ষিণ আফ্রিকার আসর আলোকিত করেছিলেন ঘানার ‘ব্ল্যাক স্টারস’। সবাইকে চমকে দিয়ে একের পর এক বাধা টপকে ওঠে তারা কোয়ার্টার-ফাইনালে। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালেই উঠতে পারত তারা! কিন্তু উরুগুয়ের লুইস সুয়ারেসের ‘হ্যান্ডবল কাণ্ড’ ও আসামোয়াহ জিয়ানের পেনাল্টি মিসে সেটি হয়নি। এরপর ঘানার ফুটবল এগিয়েছে উত্থান-পতনের এবড়ো-থেবড়ো পথে। মাইকেল এসিয়েন, কেভিন প্রিন্স-বোয়াটেং, জিয়ানদের মতো ফুটবলাররা ছিলেন এক রকম স্বেচ্ছা নির্বাসনে। বাছাইপর্বের শেষ দিকে ফিরেছেন সবাই। বিশ্বকাপে ফিরে ঘানাও তাই স্বপ্ন দেখছে চার বছর আগের কীর্তির পুনরাবৃত্তির। তবে তার ধারে-কাছে যেতে হলেও আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে হবে তাদের।

মাঝের চার বছরে যুক্তরাষ্ট্র্রে ফুটবলেও তো কম পরিবর্তন হয়নি। জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান কোচ হয়ে এসেছেন। বাছাইপর্বে অধারাবাহিকতা সামলে পরে ঠিকই পেয়েছে তারা ব্রাজিলের টিকেট। ১৯৩০ সালে সেই প্রথম বিশ্বকাপে যে সেমি-ফাইনালে উঠেছির তারা, এরপর আর কখনোই যেতে পারেনি অত দূর। এবারও যে পারবে- এমন আশাবাদের লোক নেই। বরং গ্রুপ পর্ব টপকাতে পারলে সেটিই বিবেচিত হবে দারুণ সাফল্য হিসেবে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে ঘানার বিপক্ষে আজ জিততেই হবে যুক্তরাষ্ট্রের। আগের দুই বিশ্বকাপের হার যে সে পথে কাঁটা হবে না, তা স্পষ্ট করে বলেছেন ক্লিন্সমান, ‘আমরা নিজেদের আন্ডারডগ ভাবছি না। কোনভাবেই না। আমরা ঘানার উপর ঝাঁপিয়ে পড়ব, ওরাও নিশ্চয় তাই করবে। রোমাঞ্চকর এক ম্যাচই তাই হওয়ার কথা।’

ওই রোমাঞ্চকর ম্যাচই কেবল পারে জার্মানি-পর্তুগাল মহারনের কিছু আলো গ্রুপ ‘জি’-র এই ম্যাচটিতে টেনে আনতে!