আর্জেন্টিনা সমর্থকদের মন ভরেনি
লিওনেল মেসির গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারালেও এই খেলা মন ভরাতে পারেনি আর্জেন্টিনার সমর্থকদের।
সোমবার বাংলাদেশ সময় ভোরের এই খেলার প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায় এই প্রতিক্রিয়া পাওয়া গেছে পাঠকদের কাছ থেকে।
সোহাগ ফেরদৌস নামে একজন লিখেছেন, “এই খেলা দিয়া আর যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা করতে পারি না।”
১৯৮৬ সালের পর আর শিরোপা না জেতা আর্জেন্টিনার সমর্থকরা এবার আশায় বুক বেঁধেছেন, মেসিতে ভর করে শিরোপা খরা কাটানোর।
নিজেদের প্রথম খেলায় মেসি একটি গোল করলেও অন্য গোলটি ছিল বসনিয়া ও হার্জেগোভিনার আত্মঘাতী গোল।
মাসুদুর রহমান বাবুল নামে আরেক আর্জেন্টিনা সমর্থক হতাশা প্রকাশ করে লিখেছেন, “আমার হিসেবে জয় বসনিয়ারই হয়েছে।”
রাকিব হাসান নামে এক পাঠকের মন্তব্য, “আর্জেন্টিনার ডিফেন্স বলে কিছু নাই, এটা মিডিয়ার সৃষ্টি।”
মো. তালুকদার নামে একজন লিখেছেন, “এটাই কি আজেন্টিনার সেরা দল? সামনে ঘোর অন্ধকার মনে হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
