২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার কাছে মোহামেডানের হার

ফেভারিট মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই ম্যাচে মুক্তিযোদ্ধা জিতেছে ৩-২ গোলে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 11:20 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার জয়ে বড় অবদান নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার, জোড়া গোল করেন তিনি। দুই গোল করেন মোহামেডানের ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদও।

ম্যাচের প্রথম মিনিটেই নাইজেরীয় ফরোয়ার্ড এনকোচা কিংসলের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সানডে।

২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা মোহামেডান পাঁচ মিনিটের মধ্যে দু’দুবার ম্যাচে ফেরার আশা জাগায়। ৫২তম মিনিটে নিজের প্রথম গোল করে ব্যবধান কমান ওয়াহেদ।

কিন্তু ২ মিনিট পরই মোহামেডানের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দিয়ে ফের ব্যবধান বাড়ান সানডে। তবে ৫৭তম মিনিটে ওয়াহেদের ব্যক্তিগত দ্বিতীয় গোলে নাটকীয়তার আভাষ মেলে। শেষ পর্যন্ত অবশ্য হার এড়াতে পারেনি সাদা-কালো শিবির।

এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে চতুর্থ স্থানে। ঠিক তাদের ওপরেই আছে সমান ম্যাচ থেকে ৩২ পয়েন্ট পাওয়া মোহামেডান।