২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বর্তমান কমিটির পদত্যাগ দাবি সাবেকদের

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বর্তমান কমিটির কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা। শনিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলেনে ক্লাবটির সাবেক খেলোয়াড় ও বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের নেতৃত্বে তারা এই দাবি তোলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

মোহামেডানের বর্তমান কমিটির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে। তাই বর্তমান কমিটিকে অবৈধ উল্লেখ করে সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা বলেন, নতুন এই কমিটির ক্ষমতায় থাকার অধিকার নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে বাদল রায় বলেন, “মোহামেডানের সমর্থকদের মুখ আজ মলিন। ক্লাবের কোন সাফল্য নেই। অযোগ্য কর্মকর্তাদের হাতে পড়ে ক্লাবটির আজ করুণ দশা। তাই তাদের হাত থেকে ক্লাবটি রক্ষা করতে হবে। কারণ ক্লাবটি এখন ধ্বংসের কিনারায় গিয়ে পৌঁছেছে।”
এক যুগে মোহামেডান লিগে কোনো শিরোপা পায়নি বলে নিজেদের হতাশার কথা উল্লেখ করে সাবেক এই ফুটবলার বলেন, “আমরা চাই মোহামেডান ক্লাব নিয়মের মধ্যে চলবে। কিন্তু আমরা দেখছি, কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থের জন্য উদগ্রিব। অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জিত তারা।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা লুৎফর রহমান বাদল বলেন, “বর্তমান কমিটি সম্পূর্ণ অবৈধ। এই কমিটির মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়েছে, তাই তারা কোন নির্বাহী সিদ্ধান্ত নিতে পারে না। সেই অধিকার তাদের এখন নেই।”

মোহামেডানের বর্তমান কমিটির দূর্নীতির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “নতুন সদস্য বানানোর প্রতিশ্রুতি দিয়ে পছন্দ মতো লোকদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে তারা।”

মোহামেডানের বর্তমান কমিটির ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও বলেন, “ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও পরিচালনা পর্ষদকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পদত্যাগ করতে হবে। নানা কারণে আমাদের সাধারণ সভা হয়নি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ক্লাবটির সাবেক পরিচালক মোস্তাকুর রহমান, সাবেক খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, কায়সার হামিদ, সাইদ হাসান কানন।