২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসময়ের ট্রাক শ্রমিক জোবা এখন ব্রাজিল জাতীয় দলে

পরিবারের পাশে দাঁড়াতে ঠিকমতো পড়ালেখাও করতে পারেননি, জীবনের সেই কঠিন সময়ের গল্প শোনালেন লুচানো জোবা।

একসময়ের ট্রাক শ্রমিক জোবা এখন ব্রাজিল জাতীয় দলে
ব্রাজিল দলের অনুশীলনে লুচানো জোবা। ছবি: সিবিএফ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 02:53 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ব্রাজিলের আর দশজন ফুটবলারের মতো লুচানো জোবার গল্পটাও অনেকটা একইকম। আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার থেকে উঠে আসা, জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকা এবং ফুটবলের আলোয় নিজের জীবনকে আলোকিত করা, জোবার জীবন-গল্পে আছে এর সবকিছুই। প্রথমবার জাতীয় দলে যোগ দিয়ে শোনালেন পেছনে ফেলে আসা সেই সময়ের কথা। নতুন চ্যালেঞ্জ জয়ের অফুরন্ত আত্মবিশ্বাসও ফুটে উঠল এই লেফট-ব্যাকের কণ্ঠে।

বাংলাদেশ সময় গত ৩ নভেম্বর মাঝরাতে, দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে; পরিবারের সদস্যদের নিয়ে সোফায় বসে টিভিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দল ঘোষণা দেখছিলেন লুচানো জোবা, তার নাম কোচের কণ্ঠে উচ্চারিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সবাই।

সেই মুহূর্তের উচ্ছ্বাস আর উন্মাদনার পারদ এখন নেমেছে, তবে রোমাঞ্চটা রয়ে গেছে আগের মতোই। ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে জাতীয় দলের কড়া নাড়তে পেরেছেন, তাতে মূল লক্ষ্যের প্রথম ধাপ শেষ হয়েছে। এখন আরও কঠিন চ্যালেঞ্জ সামলে, বুঝতে পারছেন জোবা। 

দেশ থেকে এসে সোমবার তিনি পা রেখেছেন লন্ডনে, যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। সকালে এসে বিকালে আর্সেনালের ক্লাবের অনুশীলন মাঠেও অনুশীলনও করেছেন। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে আগামী শনিবার সেনেগালের মুখোমুখি হবে জোবা ও তার সতীর্থরা।

ব্রাজিল দলের অনুশীলনে লুচানো জোবা। ছবি: সিবিএফ

ব্রাজিল দলের অনুশীলনে লুচানো জোবা

ব্যস্ত দিনের ফাঁকে সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অল্প কথায় জীবনের স্বপ্ন পূরণের গল্প শোনালেন জোবা। 

শুরুতে স্বপ্ন পূরণের প্রথম দিনের উচ্ছ্বাস ঝড়ে পড়ল তার কণ্ঠে।

“আমার জন্য এটা খুব বিশেষ একটা দিন, (জাতীয় দলে) আমার প্রথম ডাক পাওয়া, আমার আজকের প্রথম অনুশীলন সেশন। জীবনের খুব স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারা আমার জন্য সম্মানের। ঈশ্বর আমাকে যা দিচ্ছেন, সেজন্য তাকে ধন্যবাদ। এখন আমি যেন এই সুযোগটা সর্বোচ্চ কাজে লাগাতে পারি।”   

এই দিনে, এই মঞ্চে পৌঁছাতে কত না ঝড় সামলাতে হয়েছে, দিতে হয়েছে কত পরীক্ষা, লক্ষ্যে পৌঁছাতে পেরে সবকিছুই সার্থক মনে হচ্ছে জোবার।

“মাথার মধ্যে যেন একটা সিনেমা চলছিল, জাতীয় দলে আসার স্বপ্ন দেখার শুরুর দিন থেকে টিভিতে আমার নাম শোনার দিন পর্যন্ত, যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছি, যেদিন থেকে সেহা তালিয়াদেতে অনুশীলন শুরু করেছি, যেদিন থেকে আমি স্পোর্টের যুব প্রকল্পের যোগ হয়েছি, সেই দিন পর্যন্ত যখন আমি পেশাদার ফুটবলার হয়ে উঠলাম।”

“জাতীয় দলের তালিকায় আমার নাম দেখতে পেয়ে মনে হচ্ছে, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যত সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি এবং যা কিছু অর্জন করেছি, তার সবকিছুই সার্থক।”

রেসিফে শহরের জাবুয়াতো দস গুয়ারারাপিস অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা জোবার। অল্প বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করতে পারেননি তিনি। ১৫ বছর বয়সে যখন কোনো এক ক্লাবের যুব দলে ঢোকার চেষ্টায় ছিলেন, তখনও তাকে দাদার সঙ্গে কাজ করতে হতো।

ব্রাজিল দলে সতীর্থদের সঙ্গে অনুশীলনে লুচানো জোবা (মাঝে)। ছবি: সিবিএফ

ব্রাজিল দলে সতীর্থদের সঙ্গে অনুশীলনে লুচানো জোবা (মাঝে)

একারণে পড়ালেখাও ঠিকমতো করতে পারেননি জোবা। এখন অবশ্য পেছনে তাকিয়ে সেজন্য কষ্ট অনুভব করেন না তিনি, বরং নিজেকে নিয়ে গর্ববোধ করেন। 

“আমার দাদা ট্রাকে মাল ওঠানো-নামানোর কাজ করতেন। আমরা যেখানে থাকতাম, সেখানে যখনই কোনো ট্রাক আসত, তখন কাজের জন্য কাউকে তার প্রয়োজন হতো, তিনি আমাকে ডাকতেন। আমরা খুব সকালে বেরিয়ে পড়তাম এবং রাত করে বাড়ি ফিরতাম। তাই মাঝেমধ্যে স্কুলে যাওয়ার সময় থাকত না।”

“এখন আমি নিশ্চিত, সেই সবকিছুই সার্থক। আজ আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আমার পরিবারকে আগের চেয়ে অনেক ভালো জীবন দিতে পেরেছি এবং এখন আমি জাতীয় দলে।”

জোবার কাছে, জাতীয় দলে ডাক পাওয়াটাই স্বপ্নের মতো। সামনের চ্যালেঞ্জ সামলে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চান তিনি।

“আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি পার করে এসেছি। আর যখন জাতীয় দলে আসতে পেরেছি, কেবল এখানে আসতে পারাই নয়, বরং যখন থেকে আমি পেশাদার ফুটবলার হয়ে উঠেছি এবং পরিবারকে সাহায্য করতে পেরেছি, ঠিক তখনই আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। তখনই নিজের কাছে পরিষ্কার হয়ে গেছে যে, যত সমস্যাই আসুক তা কাটিয়ে ওঠার সার্থকতা আছে।”  

“আমার বিশ্বাস, জীবনে যা কিছু পার করে এসেছি, সেজন্য এখন আমি আরও গর্বিত অনুভব করছি। আশা করি, এভাবে সামনে আমি আরও বেড়ে উঠব, উন্নতি করব।”

এই বছর ক্লাব বাহিয়ার হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন জোবা, একজন ডিফেন্ডারের জন্য এই পরিসংখ্যান অসাধারণ। 

ধারাবাহিক পারফরম্যান্সে বাহিয়ার এই মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, ডাক পেয়েছেন জাতীয় দলে, ভূয়সী প্রশংসা পেয়েছেন কোচ আনচেলত্তির। এবার কোচ, সতীর্থ ও দেশের মানুষের প্রত্যাশার প্রতিদান দেওয়ার পালা জোবার।

“ঈশ্বরকে ধন্যবাদ, বাহিয়ায় আমার সতীর্থদের সঙ্গে দারুণ একটা মৌসুম কাটাচ্ছি এবং আজ আমি এখানে এই জার্সি গায়ে প্রথমবার অনুশীলন করছি, যা খু্বই সম্মানের।”

“আশা করি, এই দুই ম্যাচ আমরা জিততে পারব এবং দারুণ ফুটবল খেলব। যদি আমি সুযোগ পাই, অবশ্যই ব্রাজিল জাতীয় দল যেন দুটি ইতিবাচক ফল পায় সেই লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করব।”

সেনেগালের বিপক্ষে লড়াইয়ের চার দিন পর, তিউনিসিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।