Published : 10 Nov 2025, 11:47 PM
এই বছরে আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলা হচ্ছে না আতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড় হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমেওনে ও নাহুয়েল মোলিনার। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আগামী শুক্রবার অ্যাঙ্গোলার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত আফ্রিকার দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ‘ইয়েলো ফিভার ভ্যাকসিন’ না নেওয়ায় আগের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন ওই তিন জন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সোমবার বিবৃতিতে বলেছে, ‘ইয়েলো ফিভার ভ্যাকসিন’ দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ সময়মতো সম্পন্ন করতে না পারায় তাদের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দল থেকে আগেই ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ডান হাঁটুর চোটে ভুগছেন তিনি।
দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন মাক আলিস্তের ও লিসান্দ্রো মার্তিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
এই তিন জনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন মাক আলিস্তের, যিনি দলে থাকা মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের এক বছরের বড় ভাই।