কাতার নিয়ে প্লাতিনির মুখে অন্য সুর
কাতারের ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে কোনো দুর্নীতি প্রমাণিত হলে আবার ভোট চান মিশেল প্লাতিনি।
বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে কাতারকে জোর সমর্থন দিয়েছিলেন উয়েফা প্রধান প্লাতিনি।
২০২২ সালে কাতার ও ২০১৮ সালে রাশিয়ার বিশ্বকাপের আয়োজক হওয়া ভোট নিয়ে তদন্ত করছে ফিফা। ব্রাজিল বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে প্রতিবেদন দেবেন তদন্তকারী।
ফ্রান্সের একটি ক্রীড়া দৈনিককে দেশটির কিংবদন্তি ফুটবলার প্লাতিনি বলেন, “দুর্নীতি প্রমাণিত হলে নতুন ভোট আর নিষেধাজ্ঞা আসবে।”
ছোট্ট দেশটির ফুটবল ঐতিহ্য না থাকা, দেশটিতে ফুটবল ভক্তের স্বল্পতা আর গ্রীষ্মের উচ্চ তাপমাত্রার কারণে কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়ে শুরু থেকেই বিতর্কের ঝড় উঠে।
সম্প্রতি ফিফার কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অসংখ্য গোপন ইমেইল, চিঠি ও ব্যাংক লেনদেনের নথিপত্র হাতে পায় ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস। আর ওই সবের ভিত্তিতে গত রোববার পত্রিকাটি তাদের একটি প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের আয়োজক হতে প্রায় ৫০ লাখ ডলার খরচ করেছিলেন ফিফার সাবেক সহ-সভাপতি বিন হাম্মাম।
কাতার এইসব অভিযোগ অস্বীকার করেছে।
সাক্ষাতকারে প্লাতিনি আবারো জানান, ফিফা ও বিশ্ব ফুটবলের জন্য কাতারকে ভোট দেয়া ছিল সঠিক সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় কাতার।
