ফেনীর ভেন্যু বাতিল
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো খেলা হচ্ছে না। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় এই ভেন্যুটি বাতিল করেছে বাফুফের পেশাদার লিগ কমিটি।
বুধবার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তাই তৃতীয় পর্বের কোনো খেলা এই মাঠে হবে না। মাঠ প্রস্তুত না থাকায় প্রথম ও দ্বিতীয় পর্বেও কোনো খেলা এই স্টেডিয়ামে হয়নি।
লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, স্টেডিয়ামটির মাঠ খেলার উপযুক্ত হলেও অন্যান্য সুযোগ সুবিধার অভাব রয়েছে। ড্রেসিং রুমের অবস্থা খুব একটা ভালো নয়। নেই মেডিক্যাল রুম ও প্রেসবক্স। গ্যালারি একেবারেই মাঠের কাছাকাছি, যা খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়।
ফেনীর ভেন্যু বাতিল হলেও ঢাকার বাইরের অন্য দুটি ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে খেলা হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হচ্ছে মূল ভেন্যু।
লিগ কমিটির সভায় ১৪ জুন থেকে তৃতীয় পর্বের খেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে।
