২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাতিনির ক্ষোভ

কাতারকে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক করার সিদ্ধান্তে তার ভূমিকা নিয়ে অভিযোগ উঠায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশেল প্লাতিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:20 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোটের আগে এক গোপন বৈঠকে উয়েফা সভাপতিকে ব্যক্তিগতভাবে তদবির করেছিলেন তৎকালীন এএফসি প্রধান মোহাম্মদ বিন হাম্মাম।

সম্প্রতি ফিফার কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অসংখ্য গোপন ইমেইল, চিঠি ও ব্যাংক লেনদেনের নথিপত্র হাতে পায় ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস। আর ওই সবের ভিত্তিতে গত রোববার পত্রিকাটি তাদের একটি প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের আয়োজক হতে প্রায় ৫০ লাখ ডলার খরচ করেছিলেন বিন হাম্মাম।

এর লিখিত প্রতিক্রিয়ায় প্লাতিনি দাবি করেছেন, ফিফা এথিকস কমিটি বিন হাম্মামকে ফুটবল থেকে নিষিদ্ধ করার পর থেকে তার সঙ্গে মাত্র একবারই দেখা হয়েছে। সেই বৈঠকে তারা ২০১১ সালে ফিফা সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন।

২০০২ সাল থেকে তারা দু'জনই ফিফার নির্বাহী পর্ষদের সদস্য হওয়ার কারণে তাদের মধ্যে হরহামেশা দেখা হতো, ২০১০ সালে তাদের মধ্যে হওয়া একাধিক বৈঠক প্রসঙ্গে বলেন ফ্রান্সের এই ফুটবল কিংবদন্তি।

প্লাতিনি আরো জানান, ফিফার সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নিয়েই বেশিরভাগ সময় বিন হাম্মামের সঙ্গে তার আলোচনা হতো।

২০১০ সালের সেই নির্বাচনে প্লাতিনিই একমাত্র কর্মকর্তা যিনি প্রকাশ্যে রাশিয়া ও কাতারের পক্ষে ভোট দিয়েছিলেন। ভোটে এই দুটি দেশই যথাক্রমে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।