২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো

মারাকানা আর ব্রাজিল বিশ্বকাপ যেন এক সূত্রে গাঁথা। রিও দে জেনেইরোতে মারাকানা স্টেডিয়ামটি তৈরিই হয় বিশ্বকাপের জন্য। ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এখানেই। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:14 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ব্রাজিলের এক সাংবাদিক মারিও ফিলিও এই স্টেডিয়াম নির্মানের জন্য প্রথম প্রস্তাব করেন। পরে এ নিয়ে তিনি বিস্তর লেখালেখিও করেন। তৈরির পর স্টেডিয়ামটির নামকরণ হয়েছিল তার নামেই—স্তাতিও জার্নালিস্তা মারিও ফিলিও। পরবর্তীতে রিও দে জেনেইরোর একটি নদী রিও মারাকানার নামেই এর নাম হয়ে যায়।

১৯৫০ বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামেই ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের সমাধি হয়েছিল। ওই বিশ্বকাপের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল 'ফেভারিট' ব্রাজিল।

আবার ব্রাজিল বিশ্বকাপে এই মাঠেই হবে ফাইনাল। জায়ারজিনিয়ো, জিকো, রোনালদো আর রোমারিওর শহর রিও দে জেনেইরোর মারাকানায় ফাইনাল হবে, এটা নির্ধারিত হয়ে যাওয়ার পরই ব্রাজিল জুড়ে একটা স্লোগান উঠেছে, ১৯৫০-এর দুঃখ ২০১৪ তে ভুলবে ব্রাজিল।

১৯৫০ সালের মতো আর বিশাল অবশ্য নেই মারাকানা। ১৯৫০ সালে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২ লাখেরও বেশি মানুষ খেলা দেখেছিল। কয়েক দফা সংস্কারের পর এখন দর্শক ধারণক্ষমতা কমে ৭৬ হাজার ৮০৪। তবে এক সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম এখনও ব্রাজিলের সবচেয়ে বড় স্টেডিয়াম।

সংস্কারের ফলে অনেক কিছুই আগের মতো নেই, তবে মাঠের সামনের অংশটা সেই ১৯৫০ সালের মতোই আছে। জাতীয় নিদর্শনের তালিকার থাকার কারণে এই অংশটা আর বদলায়নি কর্তৃপক্ষ।

রিও দে জেনেইরোর অনিন্দ্যসুন্দর সব সৈকত পর্যটকদের কাছে সবসময়ই জনপ্রিয়। এখন অবশ্য মারাকানা স্টেডিয়ামের ফাইনালসহ ৭টি ম্যাচেই থাকবে সব নজর। কারণ গ্রুপ পর্বেই এই স্টেডিয়ামে পা পড়বে তিনটি বিশ্বকাপজয়ী দলের।

গ্রুপ পর্বে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই মাঠেই খেলবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চিলি। আর ২০০২ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে ইকুয়েডরের। ফাইনালে না উঠতে পারলে ব্রাজিলের অবশ্য খেলা হবে না ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে।

এক নজরে:

ধারণক্ষমতা: ৭৬ হাজার ৮০৪

নির্মাণ: ১৯৫০ সাল (সংস্কার কাজ শেষে ২০১৩ সালে আবার উদ্বোধন করা হয়)

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: সমুদ্র সমতল।

জলবায়ু: জুন ও জুলাইয়ে রিওর তাপমাত্রা সবচেয়ে ঠাণ্ডা থাকে। তবে এর পরও প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও আর্দ্রতা সহনীয় পর্যায়ের।

অবস্থান: আটলান্টিক মহাসাগরের উপকূলে।

ম্যাচ: ৪টি গ্রুপ পর্বের, একটি দ্বিতীয় পর্বের, একটি কোয়ার্টার-ফাইনাল এবং ফাইনাল।