২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেনা ফন্তে নোভা, সালভাদর

ব্রাজিলের বর্তমান রাজধানী ব্রাজিলিয়াই শুধু নয়, ২০১৪ বিশ্বকাপকে স্বাগত জানাবে দেশটির প্রথম রাজধানী সালভাদরও। ব্রাজিলের ‘সুখের রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরে হবে বিশ্বকাপের ৬টি ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:19 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ম্যাচগুলো হবে প্রায় নতুন করে পুনর্গঠন করা ঐতিহ্যবাহী স্টেডিয়াম আরেনা ফন্তে নোভায়। ব্রাজিলে প্রথম বিশ্বকাপের ১ বছর পর তৈরি হওয়া স্টেডিয়ামটির নাম আগে ছিল স্তাদিও অক্তাভিও মাঙ্গাবেইরা।

২০০৭ সালে এই স্টেডিয়াম বন্ধ করে দেয়া হয় এবং ৩ বছর পর পুরো ভেঙে নতুন করে নির্মাণ করা হয়। তখনই স্টেডিয়ামটির নাম বদলে রাখা হয় ফন্তে নোভা।

পুরানো জায়গায় নতুন করে জেগে ওঠা এই স্টেডিয়ামের আবার সংস্কার করা হয় ২০১৪ বিশ্বকাপের জন্য। আর এই সংস্কার কাজটা করে জার্মানির এক দল স্থপতি। ২০০৬ বিশ্বকাপের আগে এরাই হানোভারের স্টেডিয়ামটি নতুন করে তৈরি করেছিল।

নতুন করে সংস্কার কাজের পর আরেনা ফন্তে নোভা স্টেডিয়ামে একটি রেস্তোরাঁ করা হয়েছে। আছে একটি ফুটবল জাদুঘর। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের আধুনিক সুবিধাসহ হোটেল ও দোকানপাটের সঙ্গে একটি কনসার্ট কক্ষও করা হয়েছে। তবে আসন সংখ্যা কমে হয়ে গেছে ৪৮ হাজার ৭৪৭টি।

স্টেডিয়ামটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ঘোড়ার ক্ষুরের মতো আকৃতি। দক্ষিণ গোলের গ্যালারির কাছে বিশাল একটি বাধানো জায়গা ফাঁকা রাখা হয়েছে। এ অংশটিতে সহজেই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা যায়। আর এই নকশার ফলে স্টেডিয়ামেও বায়ু চলাচল বেড়েছে।

শিরোপার অন্যতম দাবিদার স্পেন ও জার্মানিসহ আরো ৩টি বড় দল নেদারল্যান্ডস, পর্তুগাল ও ফ্রান্সেরও গ্রুপ পর্বের ম্যাচ আছে এখানে।

এক নজরে:

ধারণক্ষমতা:  ৪৮ হাজার ৭৪৭

নির্মাণ: ১৯৫১ (নতুন সংস্কার কাজ শেষ হয় ২০১৩ সালে)

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: সমুদ্র সমতলে

জলবায়ু: সালভাদরের সবচেয়ে ঠাণ্ডা সময় জুন আর জুলাই মাস। তবে তাপমাত্রা এই সময়েও ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকে। 

অবস্থান: ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলের সবচেয়ে বড় শহর। 

ম্যাচ:  গ্রুপ পর্বের ৪টি, একটি দ্বিতীয় পর্বের ও একটি কোয়ার্টার-ফাইনাল