২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগওয়া ও হোন্ডার ঝলকে জাপানের জয়

ইউরোপিয়ন ক্লাব ফুটবলের দুই তারকা শিনজি কাগওয়া ও কেইসুকে হোন্ডা তাদের ঝলক দেখালেন। আর তাতেই কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে জিতল জাপান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 02:25 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

পাস আর বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল জাপান। কিন্তু সোমবার ফ্লোরিডায় প্রথমে অবশ্য পিছিয়ে পড়েছিল জাপান। ধারার বিপরীতে ব্রাজিল বিশ্বকাপে 'ডি' গ্রুপের দল কোস্টা রিকাকে এগিয়ে দেন ব্রায়ান রুইস।

জাপানের ৩টি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচে সমতা আনেন ইয়োশিতো এন্দো। ইয়োশিতোর এই গোলটির উৎস ছিলেন হোন্ডা। এসি মিলানের এই ফরোয়ার্ডের অসাধারণ পাস থেকে গোল করতে কোনো অসুবিধাই হয়নি ইয়োশিতোর।

একক নৈপুণ্য দেখিয়ে জাপানে এগিয়ে দেয়া গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড কাগওয়া।

কোস্টা রিকার প্রস্তুতি বিষাদে ভরিয়ে দিয়ে ব্যবধান ৩-১ করেন ইয়োশিরো কাকিতানি। এই গোলটির উৎস ছিল কাগওয়ার অসাধারণ এক ক্রস।

ব্রাজিল বিশ্বকাপে এশিয়ার জাপান 'সি' গ্রুপে আইভরি কোস্ট, গ্রিস ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে।

আর 'ডি' গ্রুপে কোস্টা রিকার তিন প্রতিপক্ষ উরুগুয়ে, ইতালি ও ইংল্যান্ড।