মেজর লিগ সকারে ভিয়া
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে যাচ্ছেন দাভিদ ভিয়া। সোমবার নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন স্পেনের এই তারকা স্ট্রাইকার।
আতলেতিকোর গত মৌসুমে লা লিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিয়া ২০১৫ থেকে এমএলএসে খেলবেন।ডেভিড ব্যাকহামের পর ভিয়াই হতে যাচ্ছেন এমএলএসের সবচেয়ে বড় তারকা। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ দলের সদস্য।এমএলএসের নতুন দল নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব প্রথম খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ভিয়াকে। এই দলটির মালিক ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও বেসবল দল নিউ ইয়র্ক ইয়াঙ্কিস।বার্সেলোনায় ৭ নম্বর জার্সি নিয়ে খেলা স্ট্রাইকার পেপ গার্দিওলার অধীনে অনেক সাফল্য পেয়েছিলেন। নতুন দলে আবার প্রিয় ৭ নম্বর জার্সি নিয়ে খেলবেন তিনি।“খেলে, কঠোর পরিশ্রম করে আর গোল করে আমি এমএলএসের সাফল্যে অবদান রাখতে চাই। একই সঙ্গে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবকে এমএলএসের সেরা দলে পরিণত করতে চাই।”
