তিভিয়াকভের অধীনে দাবা ক্যাম্প শুরু
নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভের অধীনে বাংলাদেশ দাবা দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে শুরু হয় ক্যাম্পটি।
বিশ্ব দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে মাসব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহম্মেদ সাগর ক্যাম্পে ডাক পেয়েছেন।
আগামী ১-১৫ অগাস্ট নরওয়ের ট্রমসোতে হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড।
প্রথমদিনের প্রশিক্ষণ শেষে ডাচ গ্র্যান্ড মাস্টার তিভিয়াকভ জানান, এতো অল্প সময়ে প্রশিক্ষণে দাবা অলিম্পয়াডে খুব ভালো কিছু আশা করা যায় না, সম্ভবও নয়। তবে ভবিষ্যতে এর উপকার পাবেন খেলোয়াড়রা।
তিতিয়াকভ ১৯৯৭-৯৮ সালে বাংলাদেশে একটি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে খেলে গিয়েছিলেন। তাই বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা আছে ২৬৫৬ রেটিংধারী এই দাবাড়ুর।
“আমি যতটুকু জানি বাংলাদেশে বেশ কিছু সম্ভাবনাময় দাবাড়ু রয়েছে। আমার বিশ্বাস, এদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দেয়া সম্ভব হলে ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবেন।”
