চূড়ান্ত দল দিয়েছে রাশিয়া
ব্রাজিল বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে ফেলেছে রাশিয়া। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন দেনিস শেরিশেভ ও পাভেল মগিলেভেতস।
সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন রাশিয়ার কোচ ফাবিও কাপেল্লো।
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড শেরিশেভ পুরো মৌসুম জুড়েই ধারে সেভিয়াতে খেলেছেন। চোটের কারণে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মৌসুমে শুধু ১৩৯ মিনিটই খেলতে পেরেছেন। তার বাদ পড়া তাই কারো কাছেই বিস্ময় হয়ে আসেনি।
রাশিয়ার হয়ে এ পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলা মিডফিল্ডার মগিলেভেতসের বাদ পড়াটাও অনুমিতই ছিল। তবে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার ব্রাজিল যাচ্ছেন ঠিকই। তাকে কর্মকর্তা হিসেবে দলের সঙ্গে ব্রাজিল নিয়ে যাচ্ছেন কাপেল্লো।
মগলিলেভেতস দলের সঙ্গে অনুশীলনও করবেন। তাকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রেখেছেন রাশিয়ার কোচ। কেউ চোটে পড়লেই হয়তো ডাক পড়বে তার।
স্লোভাকিয়া ও নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে না খেলতে পারলেও অধিনায়ক শিরোকভকে দলে রেখেছেন কাপেল্লো। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার গোড়ালির গাঁটের চোটে ভুগছেন।
শুক্রবার মস্কোতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচটি খেলবে রাশিয়া।
১২ বছর পর আবার বিশ্বকাপে ফেরা রাশিয়া ১৭ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ‘এইচ’ গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ বেলজিয়াম ও আলজেরিয়ার বিপক্ষে।
