ব্রাজিল: ইতিহাসের দায়শোধ না পুনরাবৃত্তি?
ইতিহাসের দায়শোধের সম্ভাবনা ব্রাজিলের সামনে; পুনরাবৃত্তির আশঙ্কাও কি নেই?
১৯৫০ থেকে ২০১৪ - পঞ্জিকার হিসেবে সময়ের ব্যবধান ৬৪ বছর। কিন্তু ফুটবলপাগল ব্রাজিলবাসীর কাছে অপেক্ষাটা প্রায় অনন্তকালের। ব্রাজিলের মাটিতে সর্বশেষ ওই বিশ্বকাপে মারাকানা ট্র্যাজেডির ক্ষত তাদের হৃদয় থেকে মোছেনি আজো; তিনটি বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফির অধিকার চিরতরে নেওয়ার পরও। এমনকি পরে আরো দুই শিরোপায় সর্বকালের সফলতম দল হওয়ার পরও।
সেই ক্ষতে প্রলেপ দেওয়ার অপূর্ব সুযোগ অবশেষে এসেছে ব্রাজিলের সামনে। ১৬ জুলাই ১৯৫০ মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে যে বিশ্বকাপ ‘হারিয়েছিল’, ১৩ জুলাই ২০১৪-তে সেই মারাকানাতেই সেটি ‘জয়ের’ হাতছানি তাদের সামনে। সেটি পারলেই ইতিহাসের দায়শোধ। সেটি না পারলেই ইতিহাসের পুনরাবৃত্তি।
ব্রাজিল পারবে কী পারবে না, এর উত্তর আছে কেবল ভবিষ্যতের কাছে। বর্তমানে দাঁড়িয়ে তারা কেবল আত্মবিশ্বাসী হতে পারে। সেই আত্মবিশ্বাসের অগুনতি উপাদান ছড়িয়ে টুর্নামেন্টের আবহে। বছরখানেক আগেও যেটি ছিল না সেভাবে। থাকবে কিভাবে? হারতে হারতে যে প্রায় তলানিতে এসে ঠেকেছিল ব্রাজিলিয়ান ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ে নামতে নামতে নেমে গিয়েছিল ২০-এর নীচে। এরপর যে জাদুর মতো বদলে গেল দৃশ্যপট, এর নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা কোচ লুই ফেলিপে স্কলারির। ২০০২ বিশ্বকাপ জয়ের কোচ আবার দায়িত্বে ফিরে গত বছর কনফেডারেশন্স কাপ জেতানোর পরই না ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্নঘুড়ি আবার উড়ছে আকাশে!
দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে কার্লোস দুঙ্গার অধীনে খেলতে গিয়েছিল ‘কানারিনিয়ো’রা। ছোট্ট-সুন্দর যে হলুদ পাখির নামে ব্রাজিল জাতীয় দলের আদুরে নাম, সেই সৌন্দর্য গলা টিপে হত্যার দায় এড়াতে পারবেন না দুঙ্গা। ব্রাজিলিয়ানরা তবু তাকে সয়ে যাচ্ছিল সাফল্য আসছিল বলে। কোপা আমেরিকা জিতেছে, কনফেডারেশন্স কাপও, বিশ্বকাপ জয় তাহলে নয় কেন। দক্ষিণ আফ্রিকায় যখন সেই জয় এল না, তখন আর সৌন্দর্যের সঙ্গে আপসের নীতি থেকে সরে আসতে সময় নেয়নি ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ। আনা হল মানো মেনেজেসকে। তিনি ব্রাজিলের খেলায় সৌন্দর্য ফেরানোর চেষ্টা করলেও সাফল্য পেলেন না। ২০১২ অলিম্পিকে যখন প্রায় জাতীয় দল নিয়েও স্বর্ণপদক জিততে পারল না ব্রাজিল, মানেজেসের ‘এপিটাফ’ লেখা হয়ে গেল তখনই।
এই হচ্ছে ব্রাজিল, যেটিকে বলা হচ্ছে ‘স্কলারির পরিবার’। সে পরিবারে ঠাঁই হয়নি কাকা-রোনালদিনিয়ো-রবিনিয়োর মতো তিন মহাতারকার। আছেন সেই ২৩ জন, যারা বিশ্বকাপ জয়ের জন্য সব কিছু উজার করে দিতে।
নিজ দেশে খেলা বলে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হয়নি ব্রাজিলকে। প্রতিযোগতামূলক ম্যাচ খেলা অভাব অনেকটা ঘোচে কনফেডারেশন্স কাপে খেলে। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে তারা। সেখানে তিন প্রতিপক্ষ মেক্সিকো, ক্রোয়শিয়া, ক্যামেরুন। নকআউট পর্বে যেতে তাই হয়তো সমস্যা হবে না খুব। কিন্তু সেখানে অপেক্ষা করে থাকবে হয়তো গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন-নেদারল্যান্ডসের কেউ। চূড়ান্ত পরীক্ষা শুরু হবে সেখান থেকেই।
সেই পরীক্ষায় জিততে পারলে বিশ্বকাপে ব্রাজিলের ঝলমলে রেকর্ড ঔজ্জ্বল্য ছড়াবে আরো বেশি। সবগুলো বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল, সবচেয়ে বেশি শিরোপা (৫), সবচেয়ে বেশি গোল (২১০), সবচেয়ে বেশি জয় (৬৭) পাওয়া দলটির রেকর্ড হবে সমৃদ্ধ। তবে ব্রাজিলিয়ানদের কাছে ওসব কিছু অর্থহীন। অর্থপূর্ণ কেবল নিজ দেশে বিশ্বকাপ জয়।
ইতিহাসের দায়শোধে সেই ‘অন্ধকার’ দূর করার মিশন এখন লুইস ফেলিপে স্কলারি ও তার শিষ্যদের।
এক নজরে:
গ্রুপ: এ
তারিখ | বিপক্ষ | স্থান |
১২ জুন | ক্রোয়েশিয়া | সাও পাওলো |
১৭ জুন | মেক্সিকো | ফোরতালেজা |
২৩ জুন | ক্যামেরুন | ব্রাজিলিয়া |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯ বার
সেরা সাফল্য:
চ্যাম্পিয়ন: ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
রানার্স আপ: ১৯৫০, ১৯৯৮
যেভাবে বিশ্বকাপে: স্বাগতিক হিসেবে
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৩
ব্রাজিল দল:
গোলরক্ষক: জুলিও সেজার (কিউপিআর থেকে ধারে টরেন্টো এফসিতে), জেফারসন (বোতাফোগো), ভিক্তর (আতলেতিকো মিনেইরো)।
ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল মাদ্রিদ), দানিয়েল আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), ম্যাক্সওয়েল (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), দাভিদ লুইস (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), এইহিক (নাপোলি)।
মিডফিল্ডার: পাউলিনিয়ো (টটেনহ্যাম হটস্পার), রামিরেস, উইলিয়ান (চেলসি), অস্কার (চেলসি), এর্নানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফার্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: বের্নার্ড (শাখতার দোনেৎস্ক), নেইমার (বার্সেলোনা), ফ্রেড (ফ্লুমিনেসে), জো (আতলেতিকো মিনেইরো), হাল্ক (জেনিত সেন্ট পিটার্সবার্গ)
কোচ: লুইস ফেলিপে স্কলারি (নভেম্বর ২০১২ থেকে)
