চতুর্থ রাউন্ড থেকেই ফেদেরারের বিদায়
ফরাসি ওপেন থেকে ঝরে পড়লেন রজার ফেদেরার। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে তিনি হেরেছেন লাটভিয়ার আর্নেস্তস গুলবিসের কাছে।
রোববার ১৮তম বাছাই গুলবিসের কাছে ৬-৭, ৭-৬, ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হেরেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
অতিরিক্ত ‘আনফোর্সড এরর’ করার কারণেই ২০০৪ সালের পর এই প্রথম ফরাসি ওপেন থেকে এত আগে বিদায় নিতে হলো কদিন আগেই যমজ ছেলের বাবা হওয়া ফেদেরারকে।
ফেদেরার না পারলেও পুরুষ এককের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, সার্বিয়ার নোভাক জোকোভিচ ও চেক প্রজাতন্ত্রেরে টমাস বার্দিচ।
চতুর্থ রাউন্ডে জার্মানির ফিলিপ খোলশ্রেইবারকে ৩-৬, ৬-৩, ৬-৩, ৪-৬, ১২-১০ গেমে হারিয়েছেন মারে। স্বাগতিক দেশের জো-উইলফ্রেড সোঙ্গাকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন জোকোভিচ। আর যুক্তরাষ্ট্রের জন ইসনারের বিপক্ষে বার্দিচের জয়টি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে।
মহিলা এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কানাডার ইয়ুজেনি বুচার্ড। জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
