মেক্সিকোর জয়ে মন্তেসের চোট
ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিপর্বে দ্বিতীয় জয় পেয়েছে মেক্সিকো। তবে ইকুয়েডরকে ৩-১ গোলে হারালেও মিডফিল্ডার লুইস মন্তেসের পায়ে চিড় ধরায় বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
গত বুধবার ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।
শনিবার টেক্সাসের আরলিংটনে ৮৫ হাজার দর্শকের সামনে ম্যাচের ৩৩তম মিনিটে দলকে এগিয়ে দেন মন্তেস। তার দুই মিনিট পরেই প্রতিপক্ষের মিডফিল্ডার সেগুনদো কাস্তিলোর সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে মাঠ ছাড়েন মন্তেস।
ম্যাচ শেষে মন্তেসের পায়ের হাড়ে চিড় ধরেছে বলে টুইটারে জানান মেক্সিকো ফুটবল সংস্থার এক মুখপাত্র।
তবে জিততে কোনো সমস্যা হয়নি মেক্সিকানদের। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার মার্কো ফাবিয়ান। এর সাত মিনিট পরেই ইকুয়েডরের আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ায় মেক্সিকোর জয়টাও নিশ্চিত হয়ে যায়।
নির্ধারিত সময় শেষের ১০ মিনিট বাকি থাকতে ইকুয়েডরের গোলটি শোধ করে।
১৩ জুন ক্যামেরুনের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। ‘এ’ গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
