পাঁচ ম্যাচ পর রাসেলের জয়
টানা পাঁচ ম্যাচ পর জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচের অধীনে লিগে শেখ রাসেলের এটি প্রথম জয়। গত পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ও দুটিতে ড্র করেছিল তারা।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় গতবারের ‘ট্রেবল’ জয়ী দলটি। অষ্টম মিনিটে ফরোয়ার্ড মোহাম্মদ সুমনের পাস থেকে গোলটি করেন স্ট্রাইকার আনোয়ার হোসেন।
২৩তম মিনিটে একটি সুযোগ হাতছাড়া করলেও ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। মিডফিল্ডার ফজলে রাব্বির ক্রস থেকে লক্ষ্যভেদ করেন সুমন।
২-০ গোলে পিছিয়ে থাকা ফেনী সকার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। সাফল্য পেতেও দেরি হয়নি। ৬৬তম মিনিটে গাম্বিয়ার স্ট্রাইকার ম্যাথু মেন্ডির গোলে ব্যবধান কমায় স্বাধীনতা কাপের রানার্সআপ দলটি।
এসময় শেখ রাসেল আবারো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে। তবে হাইতির ফরোয়ার্ড প্যাসকেল মিলিয়েনের ইনজুরি সময়ের গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দলটি।
এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। আর ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে লিগের দ্বিতীয় পর্ব শেষ করেছে ফেনী সকার।
