ব্রাজিলের রক্ষণে দুই বন্ধুর দৃঢ়তা
রক্ষণভাগে ব্রাজিলের বড় দুই ভরসা দাভিদ লুইস আর চিয়াগো সিলভা। কোচ লুইস ফেলিপে স্কলারির অধীনে ব্রাজিল দলে বিকশিত হয়ে একে অপরের সেরা বন্ধুতে পরিণত হয়েছেন তারা। বন্ধুত্বের মতোই রক্ষণভাগে তাদের দৃঢ়তা ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
লুইস ফেলিপে স্কলারির অধীনে রক্ষণে অজেয় এক জুটি বাধতে পেরেছেন লুইস ও সিলভা। গত বছরের কনফেডারেশন্স কাপেও এই দুজনই ছিলেন ব্রাজিলের রক্ষণভাগের মূল ভরসা। তাদের দেয়াল ভেদ করে ৫ ম্যাচে প্রতিপক্ষরা ব্রাজিলের জালে মাত্র ৩বারই বল পৌঁছাতে পেরেছে।
অতীত ইতিহাস বলে সেই শুরু থেকে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের রসায়ন তাদের আক্রমণভাগ। তবে এবার চিত্রটা একটু ভিন্ন। রক্ষণে লুইস-সিলভা জুটি আছে বলেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।
“চিয়াগো দারুণ এক বন্ধু; দারুণ এক খেলোয়াড়ও। আর ওর সঙ্গে আমার ভালোই মিলে গেছে।”
পিএসজির সঙ্গে চুক্তি করার প্রসঙ্গ টেনে ২৭ বছর বয়সী লুইস বলেন, “এখন তো পরিবারের চেয়ে আমি ওর সঙ্গেই বেশি সময় কাটাব।”
এতদিন দুজন দুই ক্লাবে থাকলেও নিয়মিত যোগাযোগ হতো। কথা হতো দুজনের। আর হতো কুশল বিনিময়। দুজনের সুখ-দু:খের গল্প ভাগাভাগি তো অবশ্যই হতো।
ব্রাজিল দলের হয়ে খেলতে এসে দুজনে দেখা হলো। বেশ অনেক দিন এক সঙ্গেও থাকা হবে। কিন্তু দেখা না হলেও সিলভা যে লুইসের মনের মধ্যে থাকেন, ব্রাজিলের রক্ষণভাগের নেতা জানালেন সেটাই।
বিশ্বকাপের আগে আগামী সপ্তাহে পানামা ও সার্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সব খেলোয়াড়কে বাজিয়ে দেখতে একটি করে ম্যাচে বিশ্রাম দিতে পারেন স্কলারি। কিন্তু সব ম্যাচই খেলতে চান লুইস।
"অনুশীলনটা কষ্টের। আমরা সবাই চাই ওই দুটি প্রীতি ম্যাচ খেলতে। আশা করছি, ফেলিপে (স্কলারি) আমাদের দলে নেবেন।
