গ্রিসের বিপক্ষে খেলছেন না রোনালদো
ঊরুর চোট থেকে সেরে উঠলেও বিশ্বকাপের আগের প্রথম প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগালের কোচ পাওলো বেন্তো জানান, শনিবার গ্রিসের বিপক্ষে না খেললেও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদো দলের সঙ্গেই থাকবেন। তবে রোনালদো কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, তা নিশ্চিত করে জানাননি তিনি।
চোট কাটিয়ে গত ২৪ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু খেলেছিলেন রোনালদো। তবে ম্যাচের পরে রোনালদো জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ ছিলেন না তিনি।
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রোনালদোর ক্লাব সতীর্থ পেপেও। বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলনও করেছেন তিনি। তবে প্রীতি ম্যাচটিতে খেলবেন না ডিফেন্ডার পেপেও।
১৫ জুন জার্মানির বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। 'জি' গ্রুপের অন্য দুই দল ঘানা ও যুক্তরাষ্ট্র।
