২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ৩ স্টেডিয়াম নিয়ে চিন্তিত ফিফা

বিশ্বকাপ হতে আর মাত্র ১৩ দিন, অথচ ১২টি স্টেডিয়ামের মধ্যে তিনটির কাজ পুরোপুরি শেষ হবে কি না, তা নিয়ে এখনও চিন্তিত ফিফার মহাসচিব জেরোমে ভালকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

স্টেডিয়ামগুলো হলো নাতালের আরেনা দাস দুনাস, পোর্তে আলেগ্রের স্তাদিও বেইরা-রিও ও সাও পাওলোর আরেনা দে সাও পাওলো। সাও পাওলোতেই ১২ জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচটি হবে।

নাতালের স্টেডিয়ামটির ধীর গতির প্রস্তুতির বিষয়ে টুইটারে ভালকে লিখেছেন, সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে স্থানীয় আয়োজকদের।

নির্দিষ্ট সময়ের মধ্যে এর সব কাজ শেষ করতে হলে স্টেডিয়াম সংশ্লিষ্ট সবাইকে পূর্ণ মনোযোগে কাজ করতে হবে বলেও মনে করেন ভালকে।

এদিকে, সালভাদরের স্টেডিয়াম আরেনা ফন্তে নোভার প্রস্তুতি নিয়ে ভালকের অভিমত, এখানকার আয়োজকদের হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। ১৩ জুন স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি হবে এখানে।

উদ্বোধনী ম্যাচের ভেন্যু আরেনা দে সাও পাওলোয় মূল প্রতিযোগিতা শুরুর আগে আরেকটি পরীক্ষামূলক ম্যাচ আয়োজন করতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

সবকটি স্টেডিয়ামের কাজ শেষ করে গত ডিসেম্বরের আগেই ফিফার কাছে হস্তান্তর করার কথা ছিল আয়োজক দেশটির। কিন্তু ওই সময়ের মধ্যে মাত্র ছয়টির কাজ শেষ করেছিল তারা। ওই ছয়টি স্টেডিয়ামেই হয়েছিল গত বছরের ফিফা কনফেডারেশন্স কাপ।