সমর্থকদের দোষে রিয়ালের শাস্তি
সমর্থকদের সাম্প্রদায়িক আচরণের জন্য শাস্তি পেতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচে গ্যালারির একটা অংশ খালি রাখতে হবে এবারের ইউরোপ চ্যাম্পিয়নদের।
এবারের আসর শেষ হয়ে যাওয়ায় রিয়ালের এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুমে ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে।
ঘটনাটা ঘটে গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে।
সমর্থকদের ওই আচরণে শুক্রবার এক বিবৃতিতে রিয়ালকে এই শাস্তি দিয়েছে উয়েফা ডিসিপ্লিনারি কমিটি। শাস্তিস্বরুপ পরবর্তী ‘হোম ম্যাচে’ গ্যালারির ১২০ ও ১২২ নম্বর সেক্টর খালি রাখতে হবে সান্তিয়াগো বার্নাবেউয়ের দলটিকে। ওখানে রাখতে হবে সাম্প্রদায়িকতা বিরোধী ব্যানার।
বায়ার্নের বিপক্ষে ওই ম্যাচটি ১-০ গোলে জিতেছিল রিয়াল। পরে দুই লেগ মিলে ৫-০ গোলে জিতে ফাইনালে ওঠে তারা। আর শিরোপা নির্ধারণী ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে দশম শিরোপা জেতে দলটি।
