২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তা আর নাভাসকে নিয়ে আশাবাদী দেল বস্ক

বিশ্বকাপ শুরু হতে সপ্তাহ দুই বাকি আছে। চোট থেকে সেরে উঠতে তাই সময়ের সঙ্গে লড়ছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অন্যতম দুই ভরসা দিয়েগো কস্তা আর হেসুস নাভাস। কোচ ভিসেন্তে দেল বস্কের আশা, দুজনই সময় মতো সেরে উঠবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 02:26 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

সেভিয়ায় বলিভিয়ার সঙ্গে শুক্রবারের প্রীতি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের দুই তারকাকে দ্রুত ফিরে পাওয়ার আশা করলেন স্পেনের কোচ। কারণ ২ জুনের মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিশ্বকাপের সব দলকেই।

“আগামীকাল (শুক্রবার) ওদের ডাক্তারি-পরীক্ষা আছে। শনিবারই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব।”

ব্রাজিলে জন্ম নেয়া এবং ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা কস্তা অনেক দিন ধরেই পেশির চোটে ভুগছেন। শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র ৯ মিনিট খেলেই খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি।

নাভাস ভুগছেন গোড়ালির গাঁটের চোটে। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার চোটের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিকে খেলতে পারেননি।

কস্তা শেষ পর্যন্ত খেলতে না পারলে তার অভাবটা হয়ত পূরণ করতে পারবেন ফের্নান্দো তোরেস, ফের্নান্দো লরেন্তে আর আলভারো নেগ্রেদো।

নাভাসের বিকল্প হিসেবে এরই মধ্যে দেল বস্ক দলে ডেকেছেন বার্সেলোনার উইঙ্গার জেরার্দ দেউলোফেউকে।

১৩ জুন গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। ব্রাজিল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও অস্ট্রেলিয়া।