২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের অনুশীলনে রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর একটু বিশ্রাম পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্রাম শেষে বৃহস্পতিবার পর্তুগালের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তবে শনিবার গ্রিসের সঙ্গে পর্তুগালের প্রীতি ম্যাচে নাও খেলতে পারেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 02:12 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলে ছিলেন পর্তুগালের আরো দুই খেলোয়াড় পেপে ও কোয়েন্ত্রাও। রোনালদোর সঙ্গে তারাও ওবিদসে পর্তুগাল বিশ্বকাপ দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন।

দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও পর্তুগাল অধিনায়ক এখনো পুরো ফিট নন। ঊরুর চোট থেকে সেরে উঠেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন তিনি।

১২০ মিনিটের ম্যাচের পুরোটা খেলার পর রোনালদো জানিয়েছিলেন, শতভাগ ফিট ছিলেন না তিনি।

অনুশীলন শিবিরে পৌঁছানোর পর রোনালদো দলের হোটেলে ফিটনেস নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন।