শেখ জামালে বিধ্বস্ত রাসেল
গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শীর্ষ দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জয়ী দলের পক্ষে দুটি করে গোল করেন হাইতির দুই স্ট্রাইকার সনি নর্দে ও ওয়েডসন অ্যানসেলমে।
১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন নর্দে। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন।
৩০তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন সনি। ৪১তম মিনিটে ক্রসবারে লেগে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয়ে যায় ঢাকা লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই স্ট্রাইকারের।
৭০তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি পেয়ে যান ওয়েডসনও। ৪-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৭৫তম মিনিটে আনোয়ার হোসেনের গোলে ব্যবধান কমালেও বড় হার এড়াতে পারেনি শেখ রাসেল।
এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেগ শেষ করলো শেখ জামাল। শেখ রাসেল ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
শেখ রাসেলের বরখাস্ত কোচ মারুফুল হক এখন শেখ জামালের টেকনিক্যাল ডিরেক্টর। গতবার ‘ট্রেবল’ জয়ী কোচের উপস্থিতিতে আরো উজ্জ্বীবিত শেখ জামাল।
রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচভের দাবি, খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতায় এই প্রতিরোধহীন হার। এই মৌসুমে ভালো কিছু আশা ছেড়েই দিয়েছেন তিনি।
“পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যকার জটিলতার প্রভাব পড়েছে খেলায়। ইতোমধ্যে হাইতির পাসক্যাল মিলিয়েন ও জ্যামাইকার রিকার্ডো কাজিন্স দল ছেড়ে চলে গেছে। এতো জটিলতার মধ্যে একটা দলের ভালো কিছু করা সম্ভব নয়।”
