২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে লড়াই নাইকি আর অ্যাডিডাসেরও

ব্রাজিল বিশ্বকাপটা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারদের লড়াইয়ের মঞ্চ। তবে লড়াই আছে ফুটবলের বাইরেও। বানিজ্যিক সেই লড়াইয়ের দুই প্রতিদ্বন্দ্বী ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি ও অ্যাডিডাস আছে সমানে সমানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:44 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বিশ্বের সেরা ১০ বিপণনযোগ্য খেলোয়াড়ের মধ্যে ৬ জনের সঙ্গে চুক্তি করেছে নাইকি, এর মধ্যে আছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিসহ অ্যাডিডাসের সঙ্গে চুক্তি আছে ৩ জনের। ১০ জনের বাকি একজন ইতালির ফরোয়ার্ড মারিও বালোতেল্লির পৃষ্ঠপোষক পুমা।

১৯৭০ বিশ্বকাপ থেকে ম্যাচ বল সরবরাহ করা অ্যাডিডাস ফিফার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে। আর অন্যদিকে এই প্রথমবারের মতো সবচেয়ে বেশি দলের ক্রীড়া সামগ্রী সরবরাহ করছে নাইকি। বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে ১০টিরই ক্রীড়া সামগ্রী দেবে তারা। এদের মধ্যে আছে স্বাগতিক ও সবচেয়ে ফেভারিট ব্রাজিল।

বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা ও জার্মানিসহ মোট ৯টি দলের ক্রীড়া সামগ্রী সরবরাহ করবে অ্যাডিডাস।

এ বছর ফুটবল থেকে ২৭ কোটি ডলার আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে অ্যাডিডাস। নাইকি পেতে পারে ২০ কোটি ডলার।

ক্রীড়া বানিজ্য নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রেপুকম বুধবার বিশ্বের বিশ্বের সেরা ১০ বিপণনযোগ্য খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। এদের মধ্যে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো আছেন সবার ওপরে। বিশ্বের প্রায় ৮৪ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদোকে চেনে। ২০১৩ সালে তার জার্সি বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি।

এদিক দিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি আছেন দ্বিতীয় স্থানে। রেপুকমের তথ্য অনুযায়ী, মেসিকে চেনেন বিশ্বের ৭৬ শতাংশ মানুষই।

বুট, জার্সি আর বল বিক্রিতে লম্বা সময় ধরে বাজার নিয়ন্ত্রণ করা অ্যাডিডাসকে সম্প্রতি নাইকির দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

বিশ্বকাপের বিশেষ বুট বিক্রি নিয়ে নাইকির সঙ্গে এবার বেশ লড়াই হচ্ছে অ্যাডিডাসের। বিশ্বকাপের ২০ লাখ জোড়া বিশেষ বুট বিক্রি করতে যাচ্ছে তারা।