২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ প্রতিপক্ষের খোঁজ রাখছে ব্রাজিল

ছয় নম্বর বিশ্বকাপটা জিততে ব্রাজিল কতটা যে মরিয়া বোঝা যাচ্ছে। পুরো জাতির আরাধ্য স্বপ্নটা পূরণে কোন কোন দল বাধা হতে পারে, ইতোমধ্যে তার সম্ভাব্য একটা তালিকা তৈরি করে ফেলেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 08:55 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

তালিকার ১৬ দলের শক্তি ও দুর্বলতা নিয়েও কাজ শুরু করে দিয়েছে তারা।

সোমবার রিও দে জেনেইরো থেকে ১০০ কিলোমিটার দূরে গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন শুরু করেছে ব্রাজিল দল। ওখানেই সাংবাদিকদের সম্ভাব্য ১৬ প্রতিপক্ষের তালিকা করার কথা জানান ব্রাজিলের সহকারী কোচ কার্লোস আলবার্তো পারেইরা।

‘এ’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের নাম স্বাভাবিকভাবেই আছে ওই তালিকায়। আরো আছে ‘বি’ গ্রুপের চারটি দল গতবারের চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস এবং চিলি ও অস্ট্রেলিয়া। কারণ এই চারটি দলের যেকোনো একটির সঙ্গেই দ্বিতীয় রাউন্ডে দেখা হবে নেইমারদের।

আর বাকি নয়টি দলের নাম জানাননি পারেইরা। শুধু বলেছেন, দলগুলো কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ।

১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে কোচ লুই ফেলিপে স্কলারির ব্রাজিল।