প্রথম রাউন্ড থেকেই ভাভরিঙ্কার বিদায়
দ্বিতীয় দিনেই ফ্রেঞ্চ ওপেনে ঘটে গেল অন্যতম বড় অঘটন। প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জেতা স্তানিস্লাস ভাভরিঙ্কা।
সোমবার গিলেরমো গার্সিয়ার বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা। কিন্তু পরের দুই সেটে আর দাঁড়াতেই পারেননি তিনি। ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে তৃতীয় বাছাই ভাভরিঙ্কা হেরে গেছেন ৬-৪, ৫-৭, ৬-২, ৬-০ গেমে।
১৯৯৮ সালের পর এবারই প্রথম কোনো অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নকে পরের ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়তে দেখলো টেনিস বিশ্ব।
তবে ভাভরিঙ্কা হারলেও এদিন সহজেই জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন পুরুষ এককের সেরা দুই বাছাই রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।
আর মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। মেয়েদের এককে আরো জিতেছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও দ্বাদশ বাছাই ইতালির ফ্লাভিয়া পেনেত্তা।
