সময়ের সঙ্গে কস্তার লড়াই
চোট কাটিয়ে বিশ্বকাপে খেলতে হলে সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে দিয়েগো কস্তাকে। চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
গত কয়েক সপ্তাহ ধরে পায়ের পেশীর চোটে ভুগছেন ২৫ বছর বয়সী কস্তা। গত দুই সপ্তাহে তাকে ঘিরে দুশ্চিন্তা আরো বেড়েছে। অথচ আগামী ১২ জুন শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।
ব্রাজিলে জন্মানো কস্তা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। স্পেনের কোচ দেল বস্কের ৩০ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দলেও আছেন তিনি।
গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরেছিলেন কস্তা। কিন্তু ১৪ মিনিট পরেই তাকে তুলে নেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। এরপর গত শনিবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠেও নামেন তিনি। কিন্তু ৯ মিনিটের বেশি খেলতে পারেননি।
ক্লাবের হয়ে পরপর দুই ম্যাচে শুরুর একাদশে থেকেও কস্তার খেলতে না পারাটা তাই দুশ্চিন্তা আরো বাড়াচ্ছে। বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে ২ জুনের মধ্যে।
এদিকে, চোট থেকে সেরে উঠতে কস্তার ১৫ দিন বিশ্রাম দরকার বলে জানিয়েছে স্পেনের পত্রিকা এএস। তাছাড়া চিকিৎসকের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, ওই চোট থেকে দিয়েগো কস্তা নাকি এখনও সেরে ওঠেননি।
১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্পেন। 'বি' গ্রুপের অন্য দুই চিলি ও অস্ট্রেলিয়া।
