ব্যর্থতার দায় নিলেন আবাহনী কোচ
টানা তিনটি ড্রর পর আবাহনী লিমিটেডের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন দলটির ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি।
সোমবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা দৌড়ে অনেকটাই ছিটকে পড়েছে চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ পুরমুসলিমি বলেন, “আবাহনীর ব্যর্থতার সব দায় আমি আমার কাঁধে তুলে নিয়েছি। ক্লাব কর্মকর্তারা চাইলে নতুন কাউকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারেন।”
তবে নিজে থেকে পদত্যাগ করতে রাজি নন তিনি।
“আমি নিজে সরে যাওয়ার পক্ষে নই। তবে ক্লাব কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, আমি তা মাথা পেতে নেবো। এই সিদ্ধান্ত আমি তাদের হাতেই তুলে দিলাম।”
দলের এই ব্যর্থতার জন্য বিদেশি খেলোয়াড়দেরও দায়ী করেছেন আলী আকবর। বিদেশি খেলোয়াড়েরা আশানুরুপ খেলতে না পারার কারণেই দল ভালো করতে পারছে না বলে মনে করেন তিনি।
আলী আকবার এ নিয়ে তিন মৌসুম আবাহনী কোচের দায়িত্ব পালন করছেন। তার অধীনে আবাহনী একবার লিগ শিরোপাও জিতেছে।
