২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অলৌকিক কিছু হলেই বিশ্বকাপ জিতবে ফ্রান্স'

এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় নেই ফ্রান্স। তবে দিদিয়ের দেশম কোচ বলেই ফ্রান্সের মানুষ স্বপ্ন দেখছে। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জেতা এই কোচ তাই আগেই বলে দিয়েছেন, অলৌকিক কিছু ঘটলেই কেবল বিশ্বকাপ জিতবে ফ্রান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 05:07 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

বাস্তবতা বিবেচনা করেই ফ্রান্সের কোচ রূঢ় এই সত্য বলেছেন।

“অনেক দল আছে, যারা আমাদের চেয়ে বেশ এগিয়ে। এর মধ্যে গত বিশ্বকাপ এবং সবশেষ দুটি ইউরো জেতা স্পেনও আছে। আসলে ৬/৭টি দল আছে। আমরা বিশ্বকাপ জিতলে সেটা অলৌকিক ঘটনা হিসেবেই দেখা হবে।”

ফ্রান্সের ব্রাজিল-যাত্রা একেবারেই লক্ষ্যহীন নয়, তবে বাস্তববাদী দেশম বিশ্বকাপ জয়ের আশা মোটেই করছেন না।

“অনেক আশা নিয়েই ব্রাজিল যাচ্ছি আমি। তবে আমি বাস্তববাদীও বটে। বিশ্বকাপ জয়ের কথা আমি বলতে পারি না।”

ফ্রান্সের হয়ে একটি বিশ্বকাপ ও ইউরো জয়ী দেশম কেন শিরোপা জয়ের আশা করছেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন।

“অনেক দেশ আছে, কাগজে-কলমে যারা আমাদের চেয়ে অনেক ভালো। সত্যটা আমরা লুকাতে পারি না। গত ১২ বছরে ফ্রান্স গ্রুপ পর্বে একটি মাত্র ম্যাচ জিতেছে, সেটা টোগোর বিপক্ষে ২০০৬ সালে।”

গত বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরোতে পারেনি ফ্রান্স। উরুগুয়ে, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়া ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স একটি মাত্র গোল আর ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছিল।

এবার প্লে-অফ খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে হয়েছে দেশমের দলকে।

র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা ফ্রান্স এবার অবশ্য তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে। পোর্তো আলেগ্রেতে ১৫ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের ২০১৪ বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ পর্বে ফ্রান্সের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ইকুয়েডর।