২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে গরম মানানোর অনুশীলন

ব্রাজিলের উষ্ণ ও আদ্র আবহাওয়া মোকাবেলার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রাখছে ইংল্যান্ড। ঘাম ঝরানোর পোশাক পরিয়ে ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন কোচ রয় হজসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েনিটটফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 07:41 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

অনুশীলনের জন্য পর্তুগালে ঘাটি গেড়েছে ইল্যান্ড দল। সেখানেই চলছে গরমকে মানিয়ে নেয়ার প্রস্তুতি।

মানাউসে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। উত্তর আমাজনের এই শহরের ম্যাচটি নিয়ে ইংল্যান্ডের বড় দুশ্চিন্তার সেখানকার অতিরিক্ত গরম।

পর্তুগালের ভালে দো লোবোতে রুনি-ল্যাম্পার্ডদের বিশেষ অনুশীলন দেখভাল করছে লাফবরো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।

বিশেষ এই অনুশীলন আর এর আয়োজন নিয়ে ইংল্যান্ড কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

“অস্বস্তিকর পরিবেশেও কিভাবে স্বস্তিতে থাকা যায় তারই অনুশীলন চলছে। আমরা পরীক্ষা করেছি, তারা কি পরিমাণ ঘামতে পারে। দেখতে চেয়েছি, তারা কিভাবে এ অবস্থা থেকে থেকে রেহাই পেতে পারে।”

মানাউসের তুলনায় পর্তুগালের ভ্যালে দে লোবোর তাপমাত্রা অনেক কম। তবে ইংল্যান্ডের খেলোয়াড়রা কয়েক প্রস্ত পোশাক পরে অনুশীলন করেছেন। আর তারা কতটা ঘামছে, এটা মাপার জন্য বিশেষ প্যাড ব্যবহার করা হয়েছে।

হজসনের জন্য দলকে বিশেষ অনুশীলন করানো নতুন নয়। ১৯৯৪ বিশ্বকাপে হজসন ছিলেন সুইজারল্যান্ডের কোচ। সেবার যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সনা কক্ষে বসিয়ে রেখেছিলেন তিনি।

ইতালি ম্যাচের পর সাও পাওলোতে উরুগুয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। যেখানে তাপমাত্রা আবার অনেকটাই কম। তবে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে তারা কোস্টরিকার বিপক্ষে খেলবে বেলো হরিজন্তেতে। এই শহরের তাপমাত্রা আর উচ্চতাও ইংল্যান্ডকে ভাবাচ্ছে।