ব্রাজিল বিশ্বকাপে পানি বিরতির দাবি
ব্রাজিলে ভরদুপুরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে অনেক দিন আগে থেকেই আপত্তি করছে সে দেশের অ্যাথলেটদের ইউনিয়ন। এখন ফিফার কাছে দুপুরের ম্যাচগুলোর দুই অর্ধের মাঝামাঝি সময়ে দুই মিনিটের পানি পানের বিরতি দেয়ার দাবি জানিয়েছে তারা।
স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারে দেরি আর বিশ্বকাপ বিরোধী বিক্ষোভের মধ্যে ফিফার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাথলেট ইউনিয়নের এই দাবি।
ইউনিয়ন বলছে, দুপুর ১টার সময় খেলা শুরু হলে খেলোয়াড়রা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে। বিশ্বকাপে বিকেলে চারটার আগে কোনো ম্যাচ আয়োজন না করার দাবি জানায় তারা। প্রয়োজনে তারা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে।
কিন্তু ফিফা বলছে, তারা ম্যাচগুলো শুরু হওয়ার সময় নিয়ে অনেক বিশ্লেষণও করেছে। আর ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলক পানি পানের বিরতিরও প্রয়োজনীয়তা নেই।
ফিফা এক বিবৃতিতে জানায়, তাদের চিকিৎসক দল সবগুলো ভেন্যুর অবস্থা পর্যবেক্ষণ করছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, ম্যাচের দিন জলবায়ুর বিষয়টি বিবেচনায় রেখে পানি পানের বিরতি দেয়া হবে কিনা তা বিবেচনা করা হবে।
কিন্তু অ্যাথলেটদের ইউনিয়ন ফিফার এই আশ্বাসে সন্তুষ্ট নয়। সংস্থাটির সভাপতি রিনালদো মারতোরেলি বলেন, "আমরা বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে প্রায় দুই বছর ধরে আলোচনার চেষ্টা করছি। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। তাই আইনি ব্যবস্থা নেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।"
ইউনিয়নের এখনকার দাবি, ম্যাচের সময় পেছানো না হলেও দুই অর্ধের মাঝখানে যেন ঠাণ্ডা হওয়ার জন্য পানি পানের বিরতি দেয়া হয়।
