হাওয়ার্ডকে সেরাদের কাতারে দেখেন ক্লিন্সমান
চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের বোঝার চেষ্টায় আছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। তবে দলের একজনকে নিয়ে তার কোনো সন্দেহই নেই। যুক্তরাষ্ট্রের অন্যতম তারকা টিম হাওয়ার্ডকে বিশ্বের সেরা ৫ গোলরক্ষকের মধ্যে একজন ভাবেন তিনি।
বিশ্বকাপের আগে অনুশীলনে ক্লিন্সমান তার ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে এই মুহূর্তে পালো আল্টোতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছেন। সেখানেই তিনি হাওয়ার্ডকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা বলেন।
গত এপ্রিলে এভারটনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩৫ বছর বয়সী হাওয়ার্ড। ২০১৮ সাল পর্যন্ত এভারটনেই থাকবেন তিনি।
ক্যারিয়ারের এই অবস্থায় এসে বিশ্বকাপে হাওয়ার্ড ভালো কিছু করতে পারেন বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ।
“আমার বিশ্বাস ব্রাজিলে তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে আছে।”
