২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিয়েনের স্বপ্নে ফাইনাল

বিশ্বকাপ নিয়ে মাইকেল এসিয়েনের স্বপ্নটা অনেক বিশাল। গ্রুপ পর্ব, নকআউট পর্বের সীমানা ছাড়িয়ে ঘানার এই মিডফিল্ডারের স্বপ্নে উঁকি দিচ্ছে সেমি-ফাইনাল আর ফাইনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:33 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

ফেভারিটদের তালিকায় তাদের নাম কখনোই কেউ রাখবে না। তাই বলে কী স্বপ্ন দেখতে মানা আছে! নেইমার আর লিওনেল মেসিদের মতো এসিয়েনও তাই ঘানাকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন।

“আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বে যাওয়া। এর পর ম্যাচ ধরে ধরে খেলব। কে জানে? আমরা অবশ্যই ভালো কিছু পাওয়ার যোগ্য। সেমি-ফাইনালেও যেতে পারি। অথবা ফাইনালেও।”

আফ্রিকার কোনো দেশ এখন পর্যন্ত বিশ্বকাপের সেমি-ফাইনালেই উঠতে পারেনি। ফাইনাল না হোক, এসিয়েনের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলেই ইতিহাস হয়ে যাবে।

এসি মিলানের মিডফিল্ডার এসিয়েন লক্ষ্য পূরণে ধাপে ধাপে এগুতে চান, “ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা শুরু থেকেই উচ্চাশা না করার মতো যথেষ্ট বাস্তববাদী।”

ঘানার এটা তৃতীয় বিশ্বকাপ, আর এসিয়েনের দ্বিতীয়। হাটুর চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে খেলতে পারেননি চেলসির সাবেক মিডফিল্ডার। ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল ঘানা। আর গত বিশ্বকাপে তারা বাদ পড়েছে কোয়ার্টার-ফাইনাল থেকে।

এবার এসিয়েন আরেকটু বড় স্বপ্ন দেখছেন একটা কারণেই। গত দুই বিশ্বকাপের চেয়ে এবারের ঘানা দলটি আরো পরিপক্ক বলে মনে হয়েছে তার কাছে।

“এই বিশ্বকাপের দলটিই ঘানার এখন পর্যন্ত সেরা। দলের মান আর গভীরতা দারুণ। বিশেষ করে মাঝমাঠে। যেকোনো অবস্থানেই আমাদের অনেক বিকল্প রয়েছে। আর এটা যেকোনো দলের জন্যই ইতিবাচক।”

'জি' গ্রুপে ঘানার প্রতিপক্ষ জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্র।