২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিসবনের ফাইনালে খেলবেন রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্যে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 08:45 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

আগামী শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল।

গত ৮ মে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে লা লিগার ম্যাচে মাত্র আট মিনিট খেলেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। পরের সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠেই নামতে পারেননি তিনি। ঐ ম্যাচে ২-০ গোলে হেরে শেষ হয়ে যায় রিয়ালের লিগ জয়ের স্বপ্ন।

গত শনিবার লিগের শেষ রাউন্ডে এসপানিওলের বিপক্ষে রোনালদোর খেলার কথা থাকলেও ম্যাচের আগের অনুশীলনে আবারো চোট পান তিনি। ফলে দর্শক হয়েই থাকতে হয় তাকে। তবে ম্যাচ শেষে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, রোনালদোর চোটটা গুরুতর নয়।

অবশেষে মঙ্গলবার ভক্তদেরকে রোনালদোর ফেরার সুখবরটা দিলেন কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “(চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) রোনালদো খেলবে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিন মাঠেও নেমেছিলেন পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো। তবে দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। ক্লাবের ফিজিওর সঙ্গে চোট থেকে সেরে ওঠার কিছু কসরৎ করেন রোনালদো।

রোনালদো বলেন, “ফাইনালের জন্য আমি শতভাগ সুস্থ হয়ে উঠবো। মাঠে এটা আমার প্রথম দিন এবং আমি খুব ভালো অনুভব করছি, বেশ ভালোও লাগছে।”