লাম ও নয়ারকে নিয়ে শঙ্কা নেই
জার্মানির অধিনায়ক ফিলিপ লাম ও গোলরক্ষক মানুয়েল নয়ারকে ঘিরে চোট শঙ্কা থাকলেও বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি সেরে উঠবেন বলে জানিয়েছে তাদের ক্লাব বায়ার্ন মিউনিখ।
গত শনিবার জার্মান কাপের ফাইনালে গোড়ালিতে চোট পান ডিফেন্ডার লাম। আর কাঁধে ব্যথা পান নয়ার। ঐ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জেতে বায়ার্ন।
তবে এখনই মাঠে ফিরতে পারছেন না লাম। এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিন অনুশীলন করতে পারবে না লাম। নয়ারও কয়েকদিন অনুশীলন করতে পারবেন না।
তবে ইতালিতে শুরু হতে যাওয়া জার্মানির অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তারা। সেখানেই তাদের চিকিৎসা চলবে।
আগামী ১২ জুন শুরু হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে জার্মানি। ঐ গ্রুপের অন্য তিন দল হলো পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।
