২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে আধিপত্য বায়ার্নের খেলোয়াড়দের

ব্রাজিল বিশ্বকাপের জন্য দেশগুলোর ঘোষণা করা প্রাথমিক দলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে বায়ার্ন মিউনিখ থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 06:25 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া ৩২টি দল এরই মধ্যে ৩০ জনের প্রাথমিক তালিকা দিয়েছে। দলগুলোর এ তালিকার ১৮ জন খেলোয়াড় এসেছে এবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন থেকে।

ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ জন ফুটবলার ডাক পেয়েছে।

বিশ্বকাপের প্রাথমিক দলগুলোতে তাদের সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পাওয়ায় বড় একটা আয়ও হবে বায়ার্নের। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দলে যেসব খেলোয়াড়েরা ডাক পাবেন তাদের একেকজনের জন্য দিনে ২ হাজার ৮০০ ডলার করে পাবে তার ক্লাব।

২০১০ সালের বিশ্বকাপে চূড়ান্ত দলে ডাক পাওয়া একেকজন খেলোয়াড়ের জন্য ক্লাব পেয়েছে ১ হাজার ৬০০ ডলার। সেবার বার্সেলোনা থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় বিশ্বকাপের জন্য জাতীয় দলে ছিল। ওই বাবদ ফিফার কাছ থেকে তারা পেয়েছিল ৮ লক্ষ ৬৬ হাজার ২৬৭ মার্কিন ডলার।

এবার বায়ার্নের আয়ের পরিমাণ ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। 

এদিকে, দেশভিত্তিক লিগের হিসেবে বিশ্বকাপের প্রাথমিক দলে এবার সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পেয়েছে রুশ লিগ থেকে। ওই প্রতিযোগিতা থেকে এসেছে সর্বমোট ৪৩ জন। মেক্সিকোর লিগ থেকে ৩৬ আর নেদারল্যান্ডস ও তুরস্কের লিগ থেকে ২৮ জন করে ফুটবলার ডাক পেয়েছে।