ফিলিপাইন ওপেনে দ্বিতীয় সিদ্দিকুর
ফিলিপাইন ওপেনে দারুণ সূচনা করেও পরের দুই রাউন্ড খারাপ খেলে পিছিয়ে পড়েছিলেন সিদ্দিকুর। চতুর্থ ও শেষ রাউন্ডে ফিরে এসে টুর্নামেন্টে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।
রোববার শেষ রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে ৪ শট কম খেলে আরো চারজনের সঙ্গে দ্বিতীয় হয়ে সিদ্দিকুর পান ১৭ হাজার ৮৩৮ ডলার।
৬ শট কম খেলে আইসিটিএসআই ফিলিপাইন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস বোথ।
প্রথম রাউন্ডে দারুণ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু পরের দুই রাউন্ডের ব্যর্থতায় কিছুটা পিছিয়ে যান তিনি। তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার ছিলেন অষ্টম অবস্থানে।
বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে মোট ১৬ শট বেশি খেলে ৬২তম হয়েছেন। টুর্নামেন্ট থেকে তার আয় ৯৩০ ডলার।
