জার্মান কাপ জিতে বায়ার্নের ‘ডাবল’
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের দুই গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান কাপ শিরোপা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতায় দেশের সবচেয়ে সফল ক্লাবটির এটি ১৭তম শিরোপা।
গতবার জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেকে বিদায় নিলেও জার্মানির দুটি প্রতিযোগিতার শিরোপা ধরে রাখল তারা।
সাত ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা জেতা পেপ গার্দিওলার বায়ার্ন শনিবার ২-০ গোলে হারিয়েছে বরুসিয়াকে। গোল দুটি করেছেন আরিয়ান রবেন ও টমাস মুলার।
বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেয়ার প্রথম সুযোগটি পেয়েছিলেন মুলার। কিন্তু পরাস্ত করতে পারেননি বরুসিয়ার গোলরক্ষক ওয়েডেনফেলারকে। দুই মিনিট পর রবেনকেও হতাশ করেন তিনি।
বায়ার্ন একের পর এক আক্রমণের পরও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাচ্ছিল বরুসিয়া। ২৪ ও ২৯তম মিনিটে এমন দুটি আক্রমণ থেকে দলকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন রিওস।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মুলার। রিবেরির নিঁখুত পাস আয়ত্বে নিলেও এবারো ফাঁকি দিতে পারেননি বরুসিয়ার গোলরক্ষককে।
৬৪তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যায় বায়ার্ন। হামেলের শট গোল লাইন অতিক্রম করার পর দান্তে ‘ক্লিয়ার’ করেন। কিন্তু তা রেফারি ও লাইন্সম্যানের নজর এড়িয়ে যায়।
৭২তম মিনিটে কিরচের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ন্যয়ার। চার মিনিট পর আবার রবেনকে হতাশ করেন বরুসিয়া গোলরক্ষক। পরের মিনিটে অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয় রিবেরির শট।
দুই দলই পরিস্কার কয়েকটি সুযোগ কাজে লাগতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও বরুসিয়ার রক্ষণভাগ কোনো মতেই ভাঙতে পারছিল না বায়ার্ন। অবশেষে দ্বিতীয়ার্ধের ১০৭তম মিনিটে রবেনের লক্ষ্যভেদে এগিয়ে যায় শিরোপাধারীরা। বোয়াটেংয়ের ক্রস থেকে ওয়েইডেনফেলারকে পরাস্ত করতে কোনো সমস্যাই হয়নি এই ডাচ তারকার।
এরপর আর খেলায় ফিরতে পারেনি বায়ার্নকে হারিয়ে গত অগাস্টে জার্মান কাপ জেতা বরুসিয়া। উল্টো যোগ করা সময়ে মুলারের লক্ষ্যভেদে ব্যবধান আরো বাড়ায় দলটি।
