ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন মার্তিনো
মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার দায় মাথায় নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেরার্দো মার্তিনো।
শনিবার লা লিগার শেষ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আর্জেন্টিনার এই কোচ।
এদিন নিজেদের মাঠ ক্যাম্প নউতে আতলেতিকোর বিপক্ষে জিতলেই শিরোপা ধরে রাখা নিশ্চিত হতো বার্সেলোনার। কিন্তু ১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ায় ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে আতলেতিকো। আর ৮৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় বার্সেলোনা।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে আতলেতিকোর কাছেই ছিটকে পড়ে বার্সেলোনা। আর কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় দলটি। ফলে ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম শূন্য হাতে মৌসুম শেষ করল বার্সেলোনা।
গতবছরের জুলাইয়ে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েসের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নেন 'তাতা' মার্তিনো। কাতালুনিয়া দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করলেও প্রথম মৌসুমেই দলের এমন ব্যর্থতার দায় এড়াতে পারলেন না ৫১ বছর বয়সী এই কোচ। ক্লাব কর্তৃপক্ষকের সঙ্গে আপোষেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, "আমি দু:খিত যে আমি সাফল্য এনে দিতে পারিনি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।"
মার্তিনোর অধীনে ৫৯টি ম্যাচের মধ্যে ৪০টিতে জিতেছে বার্সেলোনা। কিন্তু ঘরোয়া বা ইউরোপীয় কোনো প্রতিযোগিতাতেই সাফল্য মেলেনি। এর জন্য দু:খ প্রকাশ করেন মার্তিনো। তবে খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি তিনি।
"তারা সেরা খেলোয়াড়। তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তারা আমাকে গর্বিত করেছে।"
বার্সেলোনার ক্রীড়া পরিচালক আনদোনি সুবিসারেতাও বিদায়ী এই কোচের প্রতিই কৃতজ্ঞতা জানান।
মার্তিনোর উত্তরসূরি হতে পারেন সেলতা ভিগোর কোচের দায়িত্ব ছেড়ে দেয়া বার্সেলোনার সাবেক খেলোয়াড় লুইস এনরিকে।
