এমিলির পেনাল্টি গোলে মোহামেডানের রক্ষা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততেই ঘাম ছুটে গেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একমাত্র গোলে জিতেছে সাদা-কালোর শিবির।
পেনাল্টি থেকে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন।
পর্তুগিজ কোচ রুই জোসে কাপেলা বাতিস্তার অনুপস্থিতে মোহামেডান বেশ অগোছালো অবস্থায় আছে। খেলায় এর প্রভাব ভালোভাবেই পড়েছে।
স্ত্রীর অসুস্থার কারণে এক মাসের ছুটিতে কাপেলা দেশে গিয়েছেন। দলের দায়িদ্বে আছেন সহকারী কোচ আলফাজ আহমেদ।
ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে মোহামেডানকে এগিয়ে দেন এমিলি। আবাহনী গোলরক্ষক বিজয় দাস বক্সের মধ্যে এমিলিকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে এমিলির শট রুখে দিয়েছিলেন আবাহনী গোলরক্ষক, পরে ফিরতি শটে গোল করেন এমিলিই।
৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে মোহামেডান। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকে একা পেয়েও জালে জড়াতে পারেননি।
৬৭তম মিনিটে সবুজের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়, ফরোয়ার্ড ওয়াহেদের ক্রসে তার হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
এর আগে চট্টগ্রাম আবাহনীও গোল করার মতো দারুণ একটি সুযোগ পেয়েছিল। ২০তম মিনিটে মিডফিল্ডার সোহেল মিয়ার গোলমুখে চমৎকার ক্রস মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু বিপদমুক্ত না করলে গোল হতেও পারতো।
৫ মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট করে চট্টগ্রামের দলটি। মিডফিল্ডার মাশুক মিয়া জনির ক্রসে আরেক মিডফিল্ডার ইসমাইল জাহিদের হেড ক্রসবারের ওপর দিয়ে দিয়ে বাইরে চলে যায়।
এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। আর চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
