২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বিশ্বকাপের বিরুদ্ধে বিক্ষোভ

বৃহস্পতিবার প্রায় অচল হয়ে পড়েছিল ব্রাজিলের শহরগুলোর রাস্তা। বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছিলেন বিক্ষোভকারীরা। বিশ্বকাপে কাড়ি কাড়ি টাকা ব্যয়ের সমালোচনা করে এর বদলে সামাজিক কাজে সরকারকে ব্যয় বাড়াতে বলেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:04 AM

Updated : 13 Oct 2022, 12:06 PM

বিশেষ করে রিও দে জেনেইরো আর সাও পাওলোতে প্রতিবাদকারীদের তীব্রতা ছিল বেশি। বিক্ষোভ থামাতে এই দুই শহরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

পুলিশরে সঙ্গে পাল্লা দিয়ে কিছু বিক্ষোভকারীও উল্টো ঢিল ছোড়ে। কেউ আবার গাড়ির চাকায় আগুন ধরিয়ে দেয়। বন্ধ করে দেয় সড়ক।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরে ধর্মঘট করছেন শিক্ষক এবং চাকুরিজীবিরাও।

১৩ জুলাই যে শহরে বিশ্বকাপের ফাইনাল হবে, সেই সাও পাওলোতে ব্যস্ত সময়ে শত শত মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

গত বছর কনফেডারেশন্স কাপের আগে যে বিক্ষোভ হয়েছিল, এবার বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল তার চেয়ে কম। তবে বিশ্বকাপ আরো ঘনিয়ে এলে তাদের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

গত জুনে দশ লাখেরও বেশি মানুষ তাদের দাবি পূরণের আন্দোলনে রাস্তায় নেমেছিল।

১২ জুন বিশ্বকাপের আগে ব্রাজিল জুড়ে এই আন্দোলনের কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন। তবে বিক্ষোভকারীদের এক নেতা জানিয়েছেন, কোনো ক্ষতি সাধন তাদের লক্ষ্য নয়।

গৃহহীন শ্রমিকদের আন্দোলনের নেতা গুইলের্মো বোলোস বলেন, “আমাদের লক্ষ্য প্রতীকী। আমরা স্টেডিয়ামের ক্ষতি করতে চাই না। বাড়ি পেতে আমরা চাই শ্রমিকদের কাজের আরো অধিকার। আর গরীবদের মধ্যে কাপের প্রতিফলনটাও দেখতে চাই।”

ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলো বলেন, “আমি যা দেখলাম, এটা শ্রমিকদের সুনির্দিষ্ট অভিযোগ। এর সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক খুঁজে পাইনি আমি।”