২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা থেকে পুয়োলের ভালোবাসা-সিক্ত বিদায়

হাঁটুর চোট তাকে একটু আগেভাগেই বার্সেলোনাকে বিদায় বলতে বাধ্য করেছে। সেই বিদায়টাও আবার মাঠ থেকে নিতে পারেননি কার্লোস পুয়োল। আতলেতিকোর বিপক্ষে লা লিগার শিরোপা-নির্ধারণী ম্যাচের দুদিন আগে অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা দিল বার্সেলোনা-পরিবার। পুয়োলও তার অসাধারণ এই ক্যারিয়ারের কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সবাইকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

ক্লাবের সাবেক ও বর্তমান তারকা, সভাপতি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা, নিজের পরিবারকে পাশে নিয়ে আনুষ্ঠানিক বিদায়ের দিনে আবেগময় এক বক্তব্য দিয়েছেন পুয়োল।

সবাইকে ধন্যবাদ জানিয়ে স্পেনের এই ডিফেন্ডার বলেন, “এটা একটা অধ্যায়ের অবসান। কিন্তু আরো আসছে এবং আমি সেগুলো এর মতোই উপভোগ করব বলে আশা করছি।”

পুয়োল ১৫ বছরের ক্যারিয়ারের জিতেছেন ছোট-বড় ২১টি শিরোপা। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে বিদায়ী সংবর্ধনা জানাতে সাবেক সতীর্থ আর সাবেক ও বর্তমান সভাপতিদের সঙ্গে উপস্থিত ছিলেন কোচেরাও।

একটু আগেভাগেই বার্সেলোনাকে বিদায় বলার কারণও জানালেন পুয়োল। হাঁটুর চোট থেকে মুক্তি পাওয়ার সম্ভাব্য সব উপায়ই খোঁজা হয়েছে। কিন্তু সফলতা পায়নি বার্সেলোনার চিকিৎসকরা। তবুও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুয়োল।

নিজের শহরের একটি ক্লাবে গোলরক্ষক হিসেবে ফুটবলে হাতেখড়ি পুয়োলের। কাঁধের চোট তাকে সেই ছোট বয়সেই পরিণত করেছিল স্ট্রাইকারে। শেষ পর্যন্ত সেটাও থাকেনি। ১৭ বছর বয়সে বার্সেলোনার যুব প্রকল্পে তিনি যোগ দেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। মূল দলে পৌঁছানোর আগেই যেটা হয়ে গেছে পুরোদস্তুর ডিফেন্ডার।

এই যাত্রা যে বড় একটা স্বপ্ন পূরণেরই বিভিন্ন ধাপ ছিল, পুয়োল সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেটাই।

“আমি তখন স্বপ্নেও ভাবিনি, এমন একটা ক্যারিয়ার পাব। আমি অনেক শিরোপা জিতেছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই ক্লাব থেকে পাওয়া মানবিক উষ্ণতা আর অনুভূতি। বালক হিসেবে এখানে এসেছিলাম, আর যাচ্ছি পরিবার নিয়ে, যাদের নিয়ে আমি গর্বিত।”

সবকিছুর জন্যই তিনি কৃতিত্ব দিলেন ক্লাবের সব সভাপতি, কর্মকর্তা, কর্মচারী, কোচ আর সতীর্থদের।

“তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি সেরাদের সঙ্গে খেলেছি। আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই।”

ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন, অনেক ট্রফি হাতে নিয়েছেন। এসেছে অনেক আবেগি মুহূর্ত। তবে পুয়োলের কাছে তার ক্যারিয়ারে সবচেয়ে সুখকর মুহূর্তটি ক্যান্সার জয় করে মাঠে ফেরা এরিক আবিদালের চ্যাম্পিয়ন্স ট্রফি ওপরে তুলে ধরা।

বিদায় বেলায় পুয়োল স্মরণ করলেন এমন কয়েক জনকে, যারা তার অনেক সুসময় দেখলেও ভাব-গম্ভীর এই বিদায় বেলা দেখতে পারেননি।

ছোট এই তালিকায় আছেন, নশ্বর জগতকে বিদায় জানানো তার বাবা আর কিছুদিন আগে পরলোকে যাত্রা করা বার্সেলোনার সাবেক কোচ তিতো ভিলানোভা।