অনুশীলনে ফিরেছেন কস্তা
সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন দিয়েগো কস্তা। শনিবার বার্সেলোনার বিপক্ষে স্পেনের লা লিগায় শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ‘ফিট’ হয়ে উঠতে পারেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
পায়ের পেশিতে টান পড়ায় গত রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই ফরোয়ার্ড। ম্যাচটিতে মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা, আর এতেই লা লিগার শিরোপা-লড়াই পেয়েছে অন্য এক মাত্রা।
আতলেতিকো মাদ্রিদের ওয়েবসাইটে জানানো হয়, বৃহস্পতিবার কোচ দিয়েগো সিমেওনের অধীনে পুরো দলই অনুশীলন করেছে। এদের মধ্যে ছিলেন লা লিগায় ২৭ ও চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল করা কস্তাও।
১৯৫১ সালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হচ্ছে। সেবার সেভিয়ার সঙ্গে লড়াইয়ে শিরোপা জিতেছিল আতলেতিকোই। লা লিগার ইতিহাসে এমনটি হয়েছে আর একবার।
শেষ ম্যাচের আগে আতলেতিকোর পয়েন্ট ৮৯। আর বার্সেলোনা তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে।
জিতলে তো বটেই, ড্র করলেও ১৯৯৬ সালের পর আবার লা লিগার শিরোপা জিতবে আতলেতিকো। বার্সেলোনা এই ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তখন চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।
