টিকে রইলো ক্লোসার রেকর্ড গড়ার স্বপ্ন
টানা চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্নটা পূরণ হতে চলেছে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার। আর তা হলে তিনি সুযোগ পাবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ারও। বুধবার দ্বিতীয় ধাপে ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানির কোচ ইয়ুয়াকিম লো। দলে জায়গা ধরে রেখেছেন ৩৫ বছর বয়সী ক্লোসা।
২০০২ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলা ক্লোসার সামনে এখন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর রেকর্ড ভাঙার হাতছানি। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৫টি গোল করেছেন রোনালদো। তার চেয়ে ১ গোল কম করেছেন ক্লোসা।২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে সমান ৫টি করে গোল করা ক্লোসা ২০১০ সালের আসরে করেছিলেন ৪ গোল।এর আগে ৩০ সদস্যের দল ঘোষণা করেছিলেন লো।আগামী সপ্তাহে ইতালিতে একটি অনুশীলন ক্যাম্পে যোগ দেবে ২৭ সদস্যের এই দলটি। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ জোয়াকিম লো।
