এক ম্যাচেই ৯ গোল সাবিনার
একটি নয়, দুটি নয়, নরসিংদী জেলার জালে ৯ বার বল পাঠিয়েছেন সাবিনা খাতুন। নরসিংদী জেলাকে ১২-০ ব্যবধানে হারিয়ে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে তার দল টিম বিজেএমসি।
নরসিংদী জেলাকে নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল টিম বিজেএমসির খেলোয়াড়রা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে সাবিনা ছাড়াও গোল করেছেন সুরাইয়া, রিক্তা ও বিথি।
আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে তাই বিজেএমসি মূল পর্বে উঠে গেলো।
এর আগে রংপুর, ময়মনসিংহ, নারায়নগঞ্জ ও কুষ্টিয়া আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠে।
বাগেরহাট ভেন্যুতে স্থানীয় জেলা দল ও নড়াইলের মধ্যকার দিনের অন্য ফাইনালটি একদিন পিছিয়ে বুধবার হবে বলে জানিয়েছে বাফুফে।
